যশোর পৌর কর্মচারীদের কর্মবিরতিতে নগরে জমে গেছে আবর্জনার স্তূপ

আন্দোলনের নামে পৌরবাসীকে জিম্মি করেছেন যশোর পৌরসভার কর্মচারীরা। রবিবার সকাল থেকে নাগরিক সেবা বন্ধ করে দেয়ায় শহরের বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ জমে উঠেছে। আর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারীরা। রবিবার সকাল থেকে পৌর কর্মচারীরা তিনদিনের কর্মবিরতি পালন শুরু করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর চরম বিপাকে পড়েছেন পৌরবাসী। গোটা শহর যেন ভাগাড়ে পরিণত হয়েছে। পৌর কর্মচারীদের দাবি পৌর মেয়র, কাউন্সিলর ও কর্মচারীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করলে এই তিনদিনের কর্মবিরতির পর ১৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে। প্রসঙ্গত গত ২২ এপ্রিল শংকরপুর এলাকায় যশোর পৌরসভা পরিচালিত সারথি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর মেয়র মারুফুল ইসলাম, কাউন্সিলর নাজির আহমেদ মন্নুসহ কর্মচারীদের নামে মামলা দায়ের করেন জমির দাবিদার আসাদুজ্জামান নামের এক ব্যক্তি। এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে পৌর কর্মচারীরা।