১৪ বছরেও এমপিওভুক্ত হয়নি ভবানীপুর দাখিল মাদ্রাসা

প্রতিষ্ঠার ১৪ বছরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এবার নিয়ে ১১ বার শতভাগ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার ভবানীপুর দাখিল মাদ্রাসা। নানা সমস্যা ও শিক্ষকদের আর্থিক সমস্যার মধ্যেও অল্পসময়ের মধ্যে এটি আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গোটা উপজেলায় পরিচিতি লাভ করেছে। এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ভবানীপুর দাখিল মাদ্রাসা থেকে ২৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এবারও ৩ জন জিপিএ-৫ পেয়েছে। জেডিসি ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২০১০ সাল থেকে শতভাগের গৌরবময় ফল অর্জন করে যাচ্ছে। মাদ্রাসার সুপার মাওলানা আবু মুছা জানান, মাদ্রাসার পাঠদান পদ্ধতি, শিক্ষকদের পরিশ্রম ও বাড়তি নজরদারি এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের কারণে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শতভাগ পাসের মধ্য দিয়ে সাফল্য এসেছে। মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি হাজী নোয়াজ আলী জানান, লেখাপড়ার মানের দিক থেকে মুরাদনগর উপজেলার ভবানীপুর দাখিল মাদ্রাসাটি বরাবরই ভাল অবস্থানে রয়েছে। শিক্ষকদের কেউ কেউ মক্তবে আরবী শিক্ষার খণ্ডকালীন দায়িত্ব পালন করে অথবা অন্য কাজ করে কোন রকমে জীবিকানির্বাহ করছে। ম্যানেজিং কমিটিও ব্যক্তিগতভাবে শিক্ষকদের আর্থিক সহায়তা দিয়ে থাকে। ২০০৩ সালে এটি বোর্ডের অনুমতি ও ২০০৫ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে।