ছিনতাই বৃদ্ধি পেয়েছে সায়দাবাদ বেলকুচি ও এনায়েতপুর সড়কে

সিরাজগঞ্জের সায়দাবাদ, বেলকুচি ও এনায়েতপুর সড়কে ছিনতাই বৃদ্ধি পেয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা মাইক্রোবাস, সিএনজি ও মোটর সাইকেলে চলাচলরত যাত্রীদের মূল্যবান জিনিস ছিনিয়ে নিচ্ছে। এছাড়া তাদের ধারালো অস্ত্রের আঘাতে গত ২ মাসে প্রায় ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল না থাকায় এঘটনা ঘটছে। তারা আসন্ন ঈদ উপলক্ষে যাত্রী সাধারণের জান-মালের নিরাপত্তায় সড়কে পুলিশের টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন। এই সড়কের সায়দাবাদ বিশ্বরোড মোড়, মাইজাইল, সমেশপুর মোড়, আমবাইড়া বটতলা, কাঠালতলা, সমেশপুর, সুবর্নসারা তেল পাম্প, শেরনগর, আজগড়া, মেঘুল্লা, জামাত মোড়, বেতিল স্পারের সামনে, ঘটছে অহরহ ছিনতাইয়ের ঘটনা। সর্বশেষ গত বৃহস্পতিবার শেষ রাতে আজগড়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৭-৮ জন ছিনতাইকারী প্রবাসী যাত্রীবাহী একটি মাইক্রোবাসে হানা দিয়ে লক্ষাধিক টাকা, স্বর্ণ, ৩টি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এসময় ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে এনায়েতপুুরের খোকশাবাড়ি গ্রামের সোহবার আলী আহত হয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, ছিনতাইয়ের ঘটনা আমাদের জানা নেই। সড়কে পুলিশের টহল নিয়মিত রয়েছে।