রয়টার্স
অস্ট্রেলিয়ার সেই ‘ডিম বালক’ উইল কনোলি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় হতাহতদের সহায়তায় প্রায় ৭০ হাজার মার্কিন ডলার দিয়েছেন। তার আইনি লড়াইয়ে সহায়তার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুদান হিসাবে এই অর্থ আসে। কিন্তু তা আর তার কাজে না লাগায় তিনি তা দান করে দেওয়ার ঘোষণা দেন। কেননা অস্ট্রেলীয় সিনেটরের মাথায় ডিম মারার পর তিনি গ্রেফতার হলেও পরে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
কট্টর ডানপন্থি সিনেটরের মাথায় ডিম ছুঁড়ে মারার ঘটনা সারা বিশ্বে ছড়িয়ে পড়লে তিনি রাতারাতি বিখ্যাত বনে যান। তাকে গ্রেফতার করা হলে তার আইনি সহায়তায় তহবিল গঠনের জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে আর্থিক সহায়তা আসতে থাকে। মঙ্গলবার রাতে ‘ডিম বালক’ কনোলি জানান, আদালতে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে না হওয়ায় এ পর্যন্ত তার কাছে আসা ৯৯ হাজার ৯২২ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৭০ হাজার মার্কিন ডলার) দান করে দিবেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কনোলি লিখেছেন, “ক্রাইস্টচার্চের হত্যাযজ্ঞে ক্ষতিগ্রস্তদের কিছুটা পরিত্রাণ দেওয়ার জন্য আমি সব টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছি। এসব টাকা আমার না। “ওই শোচনীয় ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি, এটি যেন আপনাদের কিছুটা পরিত্রাণ দেয় মনেপ্রাণে সেই কামনা করছি আমি।”
গত ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় আধা-স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে দুটি মসজিদে হামলা চালায় এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। তার নির্বিচার গুলিতে ৫১ জন নিহত ও প্রায় ৪০ জন আহত হন। হামলার ঘটনা ফেসবুকে সরাসরি সম্প্রচার করেছিল হামলাকারী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট। নিউজিল্যান্ড পুলিশের হাতে আটক ট্যারান্টের বিরুদ্ধে ৫১টি হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। আগামী ১৪ জুন তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।