তিস্তায় পানি বিপদসীমার উপরে, প্লাবিত ১১ গ্রাম

উজানের ঢলে তিস্তা নদীর অববাহিকায় ফের ঢল নেমেছে। সোমবার সকালে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইচ গেইট। এদিকে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী সংলগ্ন চরের কমপক্ষে ১১টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার সহস াধিক বাড়িঘর হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী জানান, পশ্চিম বাইশপুকুর, পূর্ব বাইশপুকুর ছোটখাতা গ্রামে পানি প্রবেশ করায় পাঁচ শতাধিক পরিবারের ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পশ্চিম বাইশপুকুর গ্রামে ৪টি রাস্তা ভেঙ্গে পড়ায় স্থানীয় লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। এছাড়া উজানের ঢলে তিস্তা অববাহিকার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানী, জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী এলাকার চরগ্রামগুলোতে পানি উঠেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বর্ষণ ও উজানের ঢলে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইচ গেইট খুলে রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে গত ৩০ জুন তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে ২৪ ঘণ্টা পর নিচে নেমে আসে। দ্বিতীয় দফায় ৯ জুলাই নদীটির পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।