আল্লাহ যেন খালেদা জিয়াকে হেদায়েত করেন:তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গিবত ইসলামি শরিয়তে হারাম ও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়া এই পবিত্র রমজান মাসে ইফতার সামনে রেখে অব্যাহতভাবে বিভিন্ন রাজনৈতিক নেতাদের গিবত করে চলেছেন। আল্লাহ যেন তাকে হেদায়েত করেন। খালেদা জিয়া গতকাল সোমবার বিএনপিপন্থি চিকিত্সকদের ইফতার মাহফিলে জাসদ ও হাসানুল হক ইনুকে কটাক্ষ করে বক্তব্য রাখেন। এ বক্তব্যের কঠোর সমালোচনা করে হাসানুল হক ইনু বলেন, কে খুনি আর কে খুনি না, তা ইতিমধ্যে আদালতেই প্রমাণিত হয়েছে। এ নিয়ে মিথ্যাচার করলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাকে ক্ষমা করবেন না। তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। তবে মিথ্যাচারের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার কোন ইচ্ছা জাসদের নেই। বরং জঙ্গিবাদের লালনকারী, যুদ্ধাপরাধীদের রক্ষাকারী ও জামায়াত-হেফাজতের ঘনিষ্ঠ মিত্র বিএনপি নেত্রীই এ ব্যাপারে ধৃষ্টতা দেখিয়ে চলেছেন। তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের হত্যার সাথে জড়িত ছিলেন। শুধু তাই নয়, জিয়া ক্ষমতায় থাকাকালে অনেক সেনা কর্মকর্তাকে নির্বিচারে হত্যার মাধ্যমে ক্যান্টনমেন্টকে কসাইখানা বানিয়েছিলেন। আর বেগম জিয়া স্বামীর পথ অনুসরণ করে হুজির সহায়তায় একুশ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টা করেন। খালেদা জিয়া ও তার স্বামী রাজনৈতিক প্রতিপক্ষকে জানে মেরে ফেলার হোতা।