সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালে অর্থ সংকটে চিকিত্সা সেবা বিঘ্নিত

দেশের উত্তরাঞ্চলে ফাইলেরিয়া রোগের চিকিত্সায় নীলফামারীর সৈয়দপুরের ধলাগাছে ২০০২ সালে ২৫ শয্যার একটি হাসপাতাল চালু করা হয়। ফাইলেরিয়া বিশেষজ্ঞ ড. মোয়াজ্জেম হোসেনের উদ্যোগে বেসরকারি সংস্থা ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি অব বাংলাদেশের (আইএসিআইবি) সহযোগিতায় হাসপাতালটি প্রতিষ্ঠা হয়। ২০১২ সালে ড. মোয়াজ্জেম হোসেন দ্বন্দ্ব ও অভিমানের জের ধরে হাসপাতাল ছেড়ে যান। এরপর হাসপাতালে সৃষ্টি হয় করুণ পরিস্থিতির। বর্তমানে প্রতিদিনের টিকিট বিক্রি এবং হাসপাতালটির অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে মাসে যে আয় হয় সেই টাকা দিয়ে চলছে হাসপাতালের যাবতীয় খরচ। হাসপাতালে ডাক্তার, তত্ত্বাবধায়ক, নার্স, কো-অর্ডিনেটর, ল্যাব টেকনিশিয়ান, এমএলএস, গার্ড, সুইপারসহ ১৭ জন স্টাফ কর্মরত রয়েছে এবং তাদের পাওনাদি মাসের পর মাস বকেয়া থাকছে। এ অবস্থায় ফাইলেরিয়া রোগীদের চিকিত্সা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সময়মতো ওষুধ সেবন ও নিয়মিত ব্যায়াম করলে ফাইলেরিয়া আক্রান্ত রোগীদের বিকলঙ্গতা দূর করা সম্ভব বলে মনে করেন ফাইলেরিয়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. এফ এম তৈয়ব হোসেন। তিনি বলেন, সরকারি সহযোগিতা ও প্রশিক্ষণ দিয়ে এই রোগ নির্মূল করা সম্ভব।