দিনাজপুরে বিএমএ স্বাচিপ নেতার হাতাহাতি

জেলায় গত রবিবার রাতে আওয়ামী লীগ সমর্থিত জেলা বিএমএ এবং স্বাধীনতা চিকিত্সক পরিষদ স্বাচিপের এক সভায় ২ চিকিত্সক নেতার মধ্যে হাতাহাতি ও অপ্রীতিকর ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ২ ঘন্টাব্যাপী অপ্রীতিকর ঘটনায় অনেক চেষ্টার পর উপস্থিত চিকিত্সকদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। দিনাজপুর বিএমএ’র চিকিত্সকদের একাধিক সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১১টায় শহরের দক্ষিণ বালুবাড়ী ডক্টর্স ক্লিনিকে বিএমএ এবং স্বাচিব নেতাদের সমন্বয়ে ইফতার পার্টির এক প্রস্তুতি সভায় ডক্টর্স ক্লিনিকের পরিচালক গাইবান্ধার সিভিল সার্জন ডা. আহাদ আলী সরকার এবং জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. গোপীনাথ বসাকের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্য বিনিময় এবং এক পর্যায়ে ২ চিকিত্সক নেতা একে অপরকে কিলঘুষি দেন। এ সময় ক্লিনিকের আসবাবপত্র ভাংচুর করা হয়। ক্ষমতাসীন দলের ডা. আহাদ ও ডা. গোপীনাথ পরস্পরের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ অর্থ উপার্জন এবং ক্ষমতা বিস্তারের অভিযোগ করেন। ঘটনার সত্যতা স্বীকার করে ডা. আহাদ আলী বলেন, নিজেদের মধ্যে ঘটনা ঘটেছে।