এএফপি
বিশ্বে দুই দশক আগের তুলনায় শিশুরা এখন ভালো অবস্থায় আছে। মঙ্গলবার সেভ দ্য চিলড্রেন তাদের গ্লোবাল চাইল্ডহুডের এক প্রতিবেদনে এ কথা বলেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বেশ কয়েকটি দেশে গত ২০ বছরে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিশুদের অবস্থার উন্নতি হয়েছে। ১৭৬টি দেশের মধ্যে ১৭৩টিতেই শিশুদের অবস্থা ভালো বলে দাবি করা হয়েছে। শিশুদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সিঙ্গাপুর সর্বোচ্চ অবস্থানে রয়েছে। সংস্থাটি আরো বলেছে, অসুস্থতা, মৃত্যু, বাল্য বিয়েসহ নানা কারণে শৈশব বঞ্চিত শিশুর সংখ্যা ২০০০ সালে ছিল ৯৭ কোটি যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৬৯ কোটিতে। সিয়েরালিওন, রুয়ান্ডা ও ইথিওপিয়ার মতো দেশগুলোতে গত দুই দশকে শিশুদের জীবনমানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এছাড়া বিশ্বজুড়ে শিশুমৃত্যুর হারও কমেছে। যে আটটি নির্ধারক নিয়ে সেভ দ্য চিলড্রেন কাজ করেছে তার মধ্যে কেবল একটি নির্ধারক বেড়ে গেছে। তা হলো সংঘাতে বাস্তুচ্যুত শিশুর সংখ্যা।