ঈদ ‘ইত্যাদি’তে মিউজিক্যাল ড্রামা
প্রকাশ : ১৫ জুলাই ২০১৪, ২০:৪২
‘আইডিয়া ব্যাংক’ নামে খ্যাত হানিফ সংকেতের ঈদ ‘ইত্যাদি’র নানা চমকের একটি হচ্ছে এই প্রজন্মের জনপ্রিয় ৬ জন তারকাকে নিয়ে তিনটি বিশেষ মিউজিক্যাল ড্রামা। বিদেশ থেকে এসে ঈদের কেনাকাটা নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব, বিদেশি ও দেশি শাড়ি কেনা নিয়ে ক্রেতা-বিক্রেতার দ্বন্দ্ব এবং দেশি পণ্য উপহার দেওয়া নিয়ে দুই বন্ধু—এই নানাবিধ বিষয় নিয়ে তৈরি মিউজিক্যাল ড্রামার তিনপর্বে অংশগ্রহণ করেছেন যথাক্রমে জনপ্রিয় অভিনয় তারকা চঞ্চল চৌধুরী ও জয়, দিপা খন্দকার ও আরফান এবং ঈমন ও কুসুম শিকদার। রাজধানীর বিভিন্ন শপিং কমপ্লেক্সে চিত্রায়িত এই পর্বটিও দর্শকদের ভীষণ আনন্দ দেবে বলে ফাগুন অডিও ভিশন জানায়। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে। ‘ইত্যাদি’ রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।