এবার ‘পা’ বিতর্কে শ্রদ্ধা!

‘এক ভিলেন’ ছবির সাফল্য কাঁপিয়ে দিয়েছে তাবত্ বলিউড দুনিয়া। এরই মধ্যে ছবিটি শত কোটি রুপি আয় করেছে। যার পুরো কৃতিত্ব পাচ্ছেন বলিউডের হালের তারকা শ্রদ্ধা কাপুর। নান্দনিক অভিনয়শৈলী দিয়ে দর্শক মহলে নজর কেড়েছেন তিনি। এর আগেও গত বছর ‘আশিকী ২’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন শ্রদ্ধা। সে ধারাবাহিকতায় এবারও তাকে সফল ছবির সফল নায়িকা বলেই আখ্যা দিয়েছেন অনেকে। তবে প্রশংসার পাশাপাশি অনেকটা সমালোচিতও শ্রদ্ধা। সম্প্রতি ছবির একটি ইভেন্টে পাকিস্তানে যান তিনি। শ্রদ্ধা ভুলেই গেছেন তিনি একটি মুসলিমপ্রধান দেশে আছেন। পাকিস্তানে গিয়ে হাজির হন স্বল্প বসনে। অনুষ্ঠানে উপস্থিত হতেই তীব্র সমালোচনার মুখে পড়েন শ্রদ্ধা। এখন সেটা কোথায় গিয়ে গড়ায় তা-ই দেখার বিষয়। পাকিস্তানের গণমাধ্যমে এই নিয়ে বেশ তোলপাড় পড়ে যায়। অভিযোগ আসে অশালীন ভঙ্গিতে নিজেকে উপস্থাপন করেছেন শ্রদ্ধা। শ্রদ্ধার স্বীকারোক্তি হচ্ছে, ‘আমি মোটেও অশালীনভাবে উপস্থিত হয়নি। অনাবৃত পা যদি অনেক আহামরি কিছু হয়ে যায় তবে সেটা আমার জানা ছিল না। তবে এটা নিয়ে এত মাতামাতির কিছু দেখছি না আমি।’ তবে সমালোচনায় তোপে পড়া শ্রদ্ধার পক্ষে কথা বলেছেন বলিউডের অনেকেই। বলিউড পাড়ার বক্তব্য শ্রদ্ধার এই বিষয়টি আলোচনার কোনো বিষয় না। পাকিস্তানিরা এ বিষয় নিয়ে কেন এত মেতেছেন তারাই জানেন। অন্যদিকে পাকিস্তানিদের বক্তব্য হচ্ছে, মুসলিম ধর্মাবলম্বী একটি দেশে শ্রদ্ধার এমন পোশাকে আসা ঠিক হয়নি।