চুরির অপবাদে আত্মহত্যা
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুলাই ২০১৪, ২১:১৫
সিদ্ধিরগঞ্জে বাপ্পী ওরফে টিটু (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাত ৯টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের দাবি চুরির অপবাদ সহ্য করতে না পেরে টিটু আত্মহত্যা করেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তপন রায় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদের ৩ দিন পর টিটুর বিয়ে করার কথা ছিল। জানা যায়, মিজমিজি পাইনাদী এলাকা আলমগীরের বাড়ির ভাড়াটিয়া বাপ্পী ওরফে টিটু মায়ের সাথে বসবাস করে আসছিল। সোমবার এলাকাবাসী মোবাইল চুরির অপরাধে টিটুকে মারধর করে তার মাথা ন্যাড়া করে দেয়। এ অপবাদ সইতে না পেরে সে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সিদ্ধিরগঞ্জ থানার এস আই সুব্রত গোলদার জানায়, চুরির অপবাদ সহ্য করতে না পেরে টিটু আত্মহত্যা করেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নাপিত তপনকে গ্রেফতার করা হয়েছে।