মিষ্টিতে ইঁদুর মারার বিষ মিশিয়ে খাইয়েছি

গোপালগঞ্জে আটক অজ্ঞান পার্টির সদস্য গোপালগঞ্জে দিপংকর মন্ডল (২৫) নামে অজ্ঞান পার্টির এক সদস্যকে হাতে নাতে আটক করে। মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন বাজার রোডের রতন কর্মকারের বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। দিপংকর মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার ছিলনা গ্রামের ঠাকুর মন্ডলের ছেলে। দিপংকর মন্ডল বলে, ৫ বছর আগে আমি রতন কর্মকারের কর্মকার শালায় কাজ করতাম। সে সময় আমি রতনের ঘর থেকে ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যাই। সোমবার সন্ধ্যায় ছিলনা বাজারের মিলনের দোকান থেকে আধা কেজি মিষ্টি কিনে তাতে ইদুর মারার ওষুধ মিশিয়ে রাত ৯ টার দিকে রতন কর্মকারের বাড়িতে এসে বলি আমার ছেলে হয়েছে, তাই তোমাদের জন্য মিষ্টি এনেছি। আমার উদ্দেশ্য ছিল বাড়ির সকলকে অজ্ঞান করে টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুটে নেয়া। রতনের ৩ মেয়ে নূপূর, ঝুমুর ও লক্ষীকে মিষ্টি খাওয়াই। এ সময় রতনের স্ত্রী সীমা কর্মকার ঘুমাচ্ছিল। টাকা ও মালামাল লুটের প্রস্তুতি নেয়ার সময় রতন বাড়ি এসে পড়ে। আমি তাকে মিষ্টি খেতে বললে সে আগে আমাকে মিষ্টি খেতে বলে, আমি ২টি মিষ্টি খাই। রতনের ৩ মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। আমিও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই। সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে স্থানীয়রা আমাকে ধরে নিয়ে আসে। গোপালগঞ্জ সদর থানার এসআই আজিজুর রহমান জানান, রতনের ৩ মেয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।