‘আর্জেন্টিনায় বাংলাদেশের পূর্ণাঙ্গ দূতাবাস প্রয়োজন’

ব্রাজিল ও মেক্সিকোর মতো লাতিন আমেরিকার অতীব গুরুত্বপূর্ণ দেশ আর্জেন্টিনাতে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন কানাডায় দায়িত্বরত বাংলাদেশের হাইকমিশনার কামরুল আহসান। কানাডার পাশাপাশি আর্জেন্টিনা, কিউবা, জ্যামাইকা ও ভেনিজুয়েলারও দায়িত্বে আছেন তিনি। কামরুল আহসান বলেন, মেক্সিকোর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ছিল আর্জেন্টিনাতে বাংলাদেশ মিশন চালু করা। কাগজে-কলমে অটোয়া থেকে কাজ করতে হলেও বাস্তবে রীতিমতো ঝুলে আছে আর্জেন্টিনা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক। বেঙ্গলি টাইমস থেকে জানা যায়, আর্জেন্টিনায় বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠিত হলে আইটি ও এগ্রিকালচার সেক্টর এবং দক্ষিণাঞ্চলীয় পাতাগোনিয়ার বিশাল ফিশিং সেক্টরে বাংলাদেশ থেকে বৈধ জনশক্তি রফতানির উজ্জ্বল সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি দেশটিতে বহুগুণে বৃদ্ধি পাবে বাংলাদেশের রফতানি বাণিজ্য। এছাড়াও বাংলাদেশে তৈরি সিরামিক, প্লাস্টিক ও মেলামাইন সামগ্রীর পাশাপাশি গার্মেন্টস সামগ্রীর যথেষ্ট চাহিদা রয়েছে। এদিকে কানাডার টরন্টোতেই কনসুলার অফিস খোলার জন্য দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিরা দাবি জানিয়ে আসছেন।