পিএফ-এর টাকা পেলেন দিনাজপুর টেক্সটাইল মিলের শ্রমিক-কর্মচারীরা

বন্ধ হওয়ার ৬ বছর পর জেলার সরকারি প্রতিষ্ঠান দিনাজপুর টেক্সটাইল মিলের ৯২৭ জন শ্রমিক ও কর্মকর্তা তাদের ভবিষ্যত্ তহবিল (প্রফিডেন্ট ফান্ড)-এর লভ্যাংশের পাওনা ১ কোটি ৪১ লাখ টাকা পেয়েছেন। মঙ্গলবার সকালে দিনাজপুর টেক্সটাইল মিল প্রাঙ্গণে পাওনা টাকার চেক বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। ঈদের আগে পাওনা টাকা পেয়ে বেকার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে খুশির বন্যা বয়। দিনাজপুর টেক্সটাইল মিলের উপ-মহাব্যবস্থাপক মোঃ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিত্ ঘোষ কাঞ্চন, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, অশোক কুমার রায় ও আনোয়ার হোসেন, শ্রমিক নেতা তাহের আলী, আব্দুল হক ও মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মোট ৯২৭ জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার মাঝে তাদের পাওনা ১ কোটি ৪১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। উল্লেখ্য, উত্তরাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে ১৯৭৫ সালের মার্চ মাসে দিনাজপুর টেক্সটাইল মিল প্রতিষ্ঠা হয়। ২০০৮ সালে মিলটি বন্ধ হওয়ায় ১৩শ’ শ্রমিক-কর্মচারী বেকার হন।