ফুলপুরে অতি দরিদ্রদের কর্মসৃজন কর্মসূচিতে লুটপাট

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলার ২০টি ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ফুলপুর ও তারাকান্দার ২০টি ইউনিয়নে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ৪০ দিনের জন্য ১০ হাজার ৬শ’ ৬৩ জন অতি দরিদ্র শ্রমিকের বিপরীতে ৮ কোটি ৫৩ লাখ ৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে ফুলপুরে ৫ হাজার ১৮১ শ্রমিকের বিপরীতে ৪ কোটি ১৪ লাখ ৪৮ হাজার এবং তারাকান্দার দশটি ইউনিয়নে ৫ হাজার ৪৮২ শ্রমিকের বিপরীতে ৪ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে কাজ শুরুর প্রথম থেকেই সকল ইউনিয়নে দেখা যায় হযবরল অবস্থা। সকল প্রকল্প এলাকায় বিস্তারিত তথ্য সম্বলিত সাইনবোর্ড টানানোর কথা থাকলেও কোনো প্রকল্পেই তা করা হয়নি এবং শ্রমিকদের তালিকা গোপন রাখা হয়। শ্রমিকদের জবকার্ড দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। যে সকল শ্রমিকের নাম তালিকাভুক্ত করা হয়েছে তারা নিজেরাই জানে না যে, তাদের নাম তালিকায় রয়েছে। প্রকল্প কাজ তদারকির জন্য ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে উপজেলা প্রশাসনের ২০ জন কর্মকর্তাকে। অথচ প্রকল্পে ব্যাপক অনিয়ম হলেও তারা প্রকল্প এলাকায় না গিয়ে অফিসে বসেই সব ঠিক আছে বলে প্রত্যয়ন করছেন। প্রকল্প কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে এলাকাবাসী জানান, প্রকল্প সংশ্লিষ্টরা শ্রমিক তালিকায় নিজেদের লোকের নাম দিয়ে কাজে উপস্থিত না করেই নিয়মিত হাজিরা দেখিয়ে যাচ্ছেন। কোনো প্রকল্পেই ১০/১৫ ভাগের ওপরে শ্রমিক পাওয়া যায়নি। অথচ নিয়মিত সব শ্রমিক উপস্থিত দেখিয়ে টাকা উত্তোলন করে আত্মসাতের ব্যবস্থা চলছে। এ ব্যাপারে মোবাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাওয়া যায়নি।