নারায়ণগঞ্জ ও নরসিংদীর
৩টি খেয়াঘাট ইজারা স্থগিত
প্রকাশ : ১৫ জুলাই ২০১৪, ২১:৩৫
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন তিনটি খেয়াঘাট ইজারা না হওয়ার কারণে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ২০১৪-২০১৫ অর্থ বছর ইতোমধ্যে শুরু হয়েছে কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে ওই তিনটি খেয়াঘাট ইজারা প্রদান স্থগিত করায় আগের বছরের ইজারাদাররাই এখনো টোল আদায় করছেন। তবে অভিযোগ রয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের তদবিরের কারণেই ইজারা স্থগিত রয়েছে।
বিআইডব্লিউটিএ সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে দেশের ৫০টি খেয়াঘাটের ইজারার জন্য পত্রিকাতে বিজ্ঞপ্তি প্রদান করে। এর মধ্যে লঞ্চঘাট, খেয়াঘাটও রয়েছে। এসব ৫০টি ঘাটের মধ্যে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের আওতাধীন রয়েছে তিনটি খেয়াঘাট। এগুলো হলো— নারায়ণগঞ্জ নদী বন্দরের সেন্ট্রাল ফেরীঘাট, একরামপুর ফেরীঘাট ও নরসিংদীর পুরাতন থানাঘাট লঞ্চঘাট।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন জানান, প্রধান কার্যালয়ের নির্দেশে অনিবার্য কারণবশত টেন্ডার কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামী ২০-২১ জুলাই নতুন টেন্ডারের দিন ধার্য করা হতে পারে। ওই সকল ফেরীঘাটের বিষয়ে মামলা সংক্রান্ত জটিলতা থাকায় টেন্ডার কার্যক্রম পেছানো হয়েছে।