মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তাসহ ২জন গুলিবিদ্ধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে প্রাইভেটকারে মাদক বহনের সময় পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির ঘটনায় পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান মিজানসহ দুইজন আহত হয়েছেন। মিজানকে গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া অপর গুলিবিদ্ধ নাবিল পরিবহনের চালক আনোয়ারুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ কর্মকর্তা মিজান জানান, সোমবার রাত সাড়ে এগারটার দিকে তারা খবর পান একদল মাদক ব্যবসায়ী একটি প্রাইভেট কারে করে বিয়ার নিয়ে যাচ্ছে। একদল পুলিশ তাদের ধাওয়া করলে উপজেলার গোড়াই এলাকায় আসামাত্র মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এ সময় পুলিশ অফিসার মিজান ভয়ে মাটিতে লুটিয়ে পড়লে মাদক ব্যবসায়ীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নাবিল পরিবহনের চালক আনোয়ারুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।