জীবননগর উপজেলা পরিষদের ইফতার আয়োজন পণ্ড!
প্রকাশ : ১৫ জুলাই ২০১৪, ২১:৩৬
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দাওয়াতপত্রে উপজেলা চেয়ারম্যানের নাম না থাকায় জীবননগর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। ইউএনওকে উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে হুমকি-ধামকি এবং শেষমেষ সংসদ সদস্যর নির্দেশে ইউএনও নূরুল হাফিজ গতকাল মঙ্গলবার এ ইফতারের আয়োজন বন্ধ ঘোষণা করেন। জীবননগর পরিষদ উপজেলা হলরুমে গতকাল এ ইফতারের আয়োজন করা হয়েছিলো। দাওয়াতপত্র বিতরণ করার ৩ দিন পর গতকাল আয়োজনের দিন ইফতার অনুষ্ঠান বন্ধ হওয়ায় ইউএনও ও তার অফিসকে ৩শ দাওয়াতী মানুষকে এ অনুষ্ঠান বন্ধ হওয়ার খবর জানাতে হয়। এ ঘটনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলা জুড়ে আলোচনা যাচ্ছে।