ঈদ উপলক্ষে মেরামত হচ্ছে রেলওয়ের ৮৩টি কোচ

প্রতিবছরের মতো এবারও আসন্ন ঈদুল-ফিতরে মানুষকে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাড়ি ফিরতে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে সর্বোচ্চ ৮৩টি বগি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ৬১টি ব্রডগেজ (বড়) ও ২২টি মিটারগেজ ( ছোট) লাইনের কোচ রয়েছে। ইতোমধ্যেই ৫৬টি কোচ পাকশী ও লালমনিরহাট রেলপথ বিভাগে হস্তান্তর করা হয়েছে। আরও ২৭টি কোচ আগামী ২০ জুলাইয়ের মধ্যে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি ফিরতে রেল ভ্রমণকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন। ফলে প্রতিবছর ঈদে রেলওয়ের চাপ বেড়ে যায় কয়েকগুণ। তাই এবারে সৈয়দপুর রেলওয়ে কারখানায় অতিরিক্ত ৮০টি কোচ মেরামতের উদ্যোগ নেয়া হয়। কিন্তু শ্রমিকদের উত্সাহের কারণে লক্ষ্যমাত্রার অধিক ৩টি অর্থাত্ ৮৩টি কোচ তৈরি হচ্ছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। সৈয়দপুর রেল কারখানার ওয়ার্কর্স ম্যানেজার (ডাব্লুউএম) মো. কুদরত-ই-খোদা জানান, ঈদে যাত্রীসেবায় যে অতিরিক্ত কোচ নির্মাণ হচ্ছে তাতে সীমিত আকারে ওভারটাইমের ব্যবস্থা করা হয়। ঈদে বিভিন্ন ট্রেনে এসব কোচ জুড়ে দেয়া হবে। এসব কোচে অতিরিক্ত ৫০ লাখ মানুষকে সেবা দেয়া যাবে বলে জানান তিনি।