কলমাকান্দায় ২৫টি স্কুলে দপ্তরি নিয়োগে অনিয়মের অভিযোগ

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরি নিয়োগ জেলা প্রাথমিক শিক্ষা অফিস স্থগিত রেখেছে। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের নিয়োগ অনুমোদনের ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপ্রীতির ফলে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজের লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবিকা ভৌমিক নিয়োগ স্থগিত করেন। রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ অনুমোদনের ক্ষেত্রে নীতিমালা লংঘন করে প্যানেল সিটে বাছাই ও নিয়োগ কমিটির সভাপতির স্বাক্ষর ছাড়াই উেকাচের বিনিময়ে অনুমোদন দেন। এ ছাড়া রঘুনাথপুর, আজগড়া, হরিপুর, নাগডড়া বিদ্যালয়ে নিয়োগে বিধি লংঘন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ১৬ জুন বিদ্যালয়ে নিয়োগের প্যানেল হতে ক্রমিক ০১ হতে ০৩ পর্যন্ত তালিকাভুক্তদেরকে সাক্ষাত্কার নেয়ার জন্য মৌখিক পরীক্ষার প্রবেশপত্র প্রদান করেন। কিন্তু অজ্ঞাত কারণে সাক্ষাত্কার না নিয়ে গোপনে নিয়োগ অনুমোদন করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রানতোষ সরকার জানান, নিয়োগ বিধি অনুযায়ী ২৫টি বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরি নিয়োগের বিষয়ে কোন অনিয়ম হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবিকা ভৌমিক জানান, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ এর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ আপাতত স্থগিত করা হয়েছে।