বাগেরহাটে চালক হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে চালককে কুপিয়ে হত্যা করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় পুলিশ সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের খুলনা-বাগেরহাট সড়কের সিএণ্ডবি বাজারস্থ বাবুর শ্মশানঘাটের একটি ডোবা থেকে বাপ্পী শিকদার নামে ঐ চালকের লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত বাপ্পী জেলার মোরেলগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁতি গ্রামের আব্দুস সাত্তার শিকদারের ছেলে। সে বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তার মাথা, মুখ ও কানের পাশে ধারালো অস্ত্রের মোট সাতটি আঘাতের চি?হ্ন রয়েছে। বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক মো: সেলিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যাত্রীবেশে কৌশলে তাকে হত্যা করে তার মোটরসাইকেল ও অন্যান্য সামগ্রী নিয়ে গেছে।