বড়াইগ্রামে মাদরাসার কমিটি গঠনে অনিয়ম
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুলাই ২০১৪, ২১:৪১
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইসলামপুর-গুনাইহাটি সিনিয়র মাদরাসার কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রিজাইডিং অফিসার নিয়োগ ও তফসিল ঘোষণা না করে শিক্ষক ও অভিভাবকদের অজ্ঞাতসারে শুধু কাগজ-কলমে কমিটি গঠনের বিরুদ্ধে গত দুইদিন ধরে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। তারা প্রকাশ্যে কমিটি গঠনের দাবিতে মাদরাসা অধ্যক্ষকে দীর্ঘ সময় অবরুদ্ধও করে রাখেন। জানা যায়, ইসলামপুর-গুনাইহাটি সিনিয়র মাদরাসার কমিটির মেয়াদ চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি শেষ হয়। নিয়মানুযায়ী ১৪ সদস্য বাছাই শেষে সভাপতি করার কথা থাকলেও মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তা না করে গোপনে নিয়ম-বহির্ভূতভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আগের সভাপতি রেজাউল করিম মুন্সীকেই অনুমোদন করিয়ে আনেন। নিয়মানুযায়ী কমিটির মেয়াদ শেষের দুই মাস আগে থেকে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরুর কথা থাকলেও বিগত কমিটির মেয়াদের শেষ দিনে অভিভাবক সদস্যদের মনোনয়নপত্র জমাদান এবং কমিটির মেয়াদ শেষের ২২ দিন পর নির্বাচনের তারিখ নির্ধারণ করেন। তবে মাদরাসার শ্রেণীকক্ষ, নোটিস বোর্ড, কোথাও সে তফসিল প্রকাশ না করায় অভিভাবক সদস্য পদে অভিভাবকেরা মনোনয়নপত্র তুলতে পারেননি। শিক্ষক প্রতিনিধি কাদের করা হয়েছে তাও তারা জানেন না।