বিভিন্ন ঘটনায় নিহত ৭জন
প্রকাশ : ১৫ জুলাই ২০১৪, ২১:৪১
সারাদেশে নানা ঘটনায় নিহত হয়েছেন ৭জন। রিপোর্ট ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
খোলপেটুয়া নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদী থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খোলপেটুয়া নদীর বৌদির ঘাট এলাকা থেকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুরে খোলপেটুয়া নদীর বৌদির ঘাট এলাকায় লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশনে গতকাল ঢাকা-রাজশাহী গামী ৭৬৯ নং আপ ধুমকেতু ট্রেনে কাটা পড়ে আনোয়ার (৬৫) নামের একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন বলে স্থানীয়রা জানান।
ইজি বাইক চালক নিহত
গোপালগঞ্জে ইজি বাইক ও পিক আপের মুখোমুখি সংঘর্ষে ইজি বাইক চালক ইউনুছ উকিল (৩৫) নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইউনুছ উকিল গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের মোফাজ্জেল উকিলের ছেলে।
মহিলার ভাসমান লাশ উদ্ধার
টাঙ্গাইলের নাগরপুরে নোয়াই নদী থেকে এক মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার পাইশানা গ্রামের জমশের আলীর স্ত্রী সাজন বেগম (৫০) ছেলের বাড়ী বাবনা পাড়া বেড়াতে এসে গত সোমবার সকালে নোয়ই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে হুমায়ুন কবির (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত রবিবার রাতে উপজেলার উত্তর আড়াইবাড়িয়া (কাইছমা) গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র মামুন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত হুমায়ুন কবির সোমবার রাতে চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রী ২ সহোদর বোনের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলো পূর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী উন্নতী (১০) ও প্রথম শ্রেণীর ছাত্রী রেক্সনা (৭)। চুমুরদী ইউনিয়নের চেয়ারম্যান নাসিম সিকদার মিলন জানায়, সাইদুল মৃধার ২ মেয়ে সকালে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। দুপুর ১২ টায় সহোদর ২ বোনের লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয় জনতা তাদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে আনলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।