দক্ষিণাঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল মঙ্গলবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পানির তোড়ে মানুষ ভেসে যাওয়ার জন্য বা ফসল বিনষ্ট হওয়ার জন্য বাংলাদেশের জন্ম হয়নি। আগামী দুই এক বছরের মধ্যে দক্ষিণাঞ্চলের মানুষের প্রয়োজনে উন্নতমানের টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে মন্ত্রী ঘোষণা দেন। স্থানীয় তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পরিবেশ ও বনমন্ত্রী আরো বলেন, পরিবেশ মন্ত্রণালয়ে এ খাতে হাজার হাজার কোটি টাকার তহবিল রয়েছে। জলবায়ু ট্রাষ্ট ফান্ড থেকে গত কয়েক বছরে কোটি কোটি টাকা সরকার এ সব খাতে বরাদ্দ করেছে। তিনি বলেন, আমাদের সম্পদ কম হতে পারে, এ কথা সত্য যে আমরা দরিদ্র এবং উন্নয়নশীল। কিন্তু আমাদের দীর্ঘপথ পাড়ি দিতে হবে। হয়তো আমাদের সকল লক্ষ্য-উদ্দেশ্য পূরণ না-ও হতে পারে। তবে চাহিদা পূরণের জন্য অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। অগ্রাধিকার নির্ধারণে ব্যর্থ হলে কাঙ্ক্ষিত ফল লাভ হয় না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে সার্বিক পরিকল্পনা থাকা বাঞ্ছনীয়। মন্ত্রী বলেন, গত ৩০ বছরে আমি লক্ষ্য করেছি মানুষ তার চাহিদার কথা, দাবির কথা বলতে শুরু করেছে। এ অঞ্চলের তরুণ সমাজ তথা মানুষের জীবন-আচরণে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তরুণ সমাজকে আগামী দিনের নেতৃত্বের উপযোগী করে নিজেদেরকে তৈরি করতে শিক্ষিত হতে হবে। তাদের নেশা, অশিক্ষা, ঝগড়া-ফ্যাসাদ ইত্যাদি পরিহার করে সুনাগরিক হিসাবে গড়ে তুলে বর্তমান অনিশ্চিত অবস্থার পরিবর্তন করতে হবে। তিনি বলেন, দেশ যাতে হুমকির মধ্যে না থাকে সে উদ্দেশ্যে শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে আমরা ক্ষমতা হস্তান্তর করতে সবসময় সক্ষম হচ্ছি না। বাংলাদেশ ও পাকিস্তান-এ দু’টি আমলে আমরা এই উদ্দেশ্যে সংগ্রাম করে আসছি। সম্পদ বা অর্থের ব্যবস্থা করে যতটুকু কাজ করার প্রয়োজন ছিল তা আমরা করতে পারি নি। যে দেশের মানুষ গরীব হয়, সে দেশের সরকারও গরীব হয়। আমাদের অনেক ব্যর্থতা-দৈন্যতা আছে। তা দূর করে মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন করা দরকার। তবে আশার কথা হচ্ছে, অতীতের রক্ষণশীল নেতৃত্বের চেয়ে বর্তমান নেতৃত্ব অনেক বেশি উদার, মুক্ত ও খোলা মনের তথা অনেক সাহসী। যাদের উপর নির্ভর করে আগামীতে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আনোয়ার হোসেন মঞ্জু দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। ইউপি চেয়ারম্যান শাহাদাত্ হোসেনের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ইকড়ির চেয়ারম্যান তানভীর হোসেন তালুকদার বাবুল, তেলিখালীর ইউপি সদস্য বাহাউদ্দিন বাদল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়ার ইউএনও কাজী মাহবুবুর রশীদ, জাতীয় পাটি’র (জেপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রেনু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু প্রমুখ। গতকাল বিকালে ভান্ডারিয়া উপজেলার কঁচানদী তীরবর্তী তেলিখালী, ইকড়ি, নদমূলা-শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানিবন্দি মানুষের সাথে পরিবেশ ও বনমন্ত্রী কথা বলেন। সাগরের অস্বাভাবিক জোয়ারে গত ৩/৪ দিনে এ সব এলাকার ধানের জমি, বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, মাছের ঘের, বাগান, শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে। মন্ত্রী তেলিখালী ইউনিয়নের জুনিয়ারচর, মঞ্জু মার্কেট, আবাসন এলাকা, জেলে পল্লী প্রভৃতি এলাকা পরিদর্শনে গেলে স্থানীয় নারী-পুরুষ মন্ত্রীকে জলাবদ্ধতায় তাদের দুর্ভোগ-দুরবস্থার কথা জানান। মন্ত্রী তাঁর সফরসঙ্গীদের নিয়ে কঁচানদীর ভাঙ্গন কবলিত ও পানি প্লাবিত এলাকা ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি নদী তীরবর্তী এলাকার মানুষসহ সকল বাসিন্দার নিরাপত্তা, ফসল রক্ষা, বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষা ও নদীভাঙ্গন রোধের জন্য সরকারের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। গোলবুনিয়ায় মন্ত্রী আনোয়ার হোসেনের উপস্থিতিতে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়। দুপুরে আনোয়ার হোসেন মঞ্জুর উপস্থিতিতে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল ও দুঃস্থ কল্যাণ সংস্থার শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন তালুকদার বাবুল, সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, কর্মকর্তা কাজী আতাহার আলী প্রমুখ এ ত্রাণ বিতরণ করেন। সকালে ধাওয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিজিএফ চাল ও কাপড় বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া। বিকালে গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু এবং সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিজিএফ’র চাল ও দুঃস্থ কল্যাণ সংস্থার কাপড় বিতরণ করেন ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার। বিতরণের সময় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ইউএনও কাজী মাহবুবুর রশীদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা জাতীয় পার্টি (জেপি) আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় মন্ত্রীর সফরসঙ্গীরা ছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, উপজেলা জাতীয় পাটির্’র (জেপি) আহবায়ক ও ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, নদমূলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল তালুকদার, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, আওয়ামীগ নেতা হাফিজুর রশিদ তারেক, যুবলীগের উপজেলা আহবায়ক এনামুল কবির টিপু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে জাতীয় পার্টি (জেপি) এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষ অংশ নেন। ইফতারের পরে আনোয়ার হোসেন মঞ্জু ভাণ্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।