ঈদে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা
প্রকাশ : ১৫ জুলাই ২০১৪, ২৩:১১
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ কেন্দ্রে চারটি অটো ট্রান্সমিশন সম্বলিত ট্রেনিং কারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, শুধু বেসরকারি পরিবহন নয়, বিআরটিসি’র বিরুদ্ধেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। এটা বন্ধ করতে হবে, নইলে শাস্তি পেতে হবে। এ ক্ষেত্রে বিশেষ করে বিআরটিসি ডিপো ম্যানেজারদের টিকিট নিয়ে হয়রানি না করার নির্দেশ দেন তিনি।
সোমবার থেকে বেসরকারি পরিবহন প্রতিষ্ঠানগুলোয় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়। আগামী ২০ জুলাই থেকে বিআরটিসি ঈদের আগাম টিকিট বিক্রি শুরু করবে উল্লেখ করে যোগাযোগ মন্ত্রী বলেন, ঈদ স্পেশাল সার্ভিসে এবার প্রায় ৯শ’ বাস অন্তর্ভুক্ত থাকবে। এই পরিবহনগুলো শুধু আগামী ২৪ জুলাই থেকে ঈদ-পরবর্তী তিন দিন পর্যন্ত চালু থাকবে। মতিঝিল, গাজীপুর, জোয়ার সাহারা, উথলী, নারায়ণগঞ্জ, দ্বিতল বাস ডিপো, কল্যাণপুর ডিপো টিকিট কাউন্টার থেকে আগাম টিকিট পাওয়া যাবে।
চালকদের উদ্দেশে যোগাযোগ মন্ত্রী বলেন, ঈদে সবাই শিকড়ের টানে গ্রামের বাড়িতে যায়। একজন চালকের ওপরেই তাদের জীবনের দায়িত্ব থাকে। তাই সকল চালক খুব সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন। চালকের পেশায় নারীদের আসার জন্য আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নারী চালকরা ঠাণ্ডা মাথায় গাড়ি চালায় বলে যানজট ও দুর্ঘটনার উত্সগুলো কমে আসে। তাই নারীরা যেন এই পেশায় আগ্রহী হন। তিনি বলেন, এখানে ট্রেনিং গ্রহণকারী ১২৫ জনের মধ্যে মাত্র ১০ জন মহিলা রয়েছেন। মহিলা চালক যাতে আরো বেশি বেশি করে আসেন তার উদ্যোগ নিতে নির্দেশ দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, উপযুক্ত প্রশিক্ষণের অভাব এবং প্রশিক্ষিত চালকের অভাবে দুর্ঘটনা ও যানজট হচ্ছে। দেশে প্রশিক্ষিত চালকের সংখ্যা খুবই কম, গাড়িও ফিটনেসবিহীন, চালক ফিটনেসবিহীন, তাই যাত্রীরাও নিরাপদ নয়। সরকারি-বেসরকারিভাবে চালক ট্রেনিং সুবিধা আরো বৃদ্ধি করা হবে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এমএএন সিদ্দিক।