২৬ জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস
প্রকাশ : ১৫ জুলাই ২০১৪, ২৩:১২
আগামী ২৬ জুলাইয়ের মধ্যে গার্মেন্টস কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করা হবে। এছাড়া চলতি জুলাই মাসের বেতনের একটি অংশও এই সময়ের মধ্যে পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। আসছে ঈদকে সামনে রেখে গতকাল শ্রম মন্ত্রণালয়ে গার্মেন্টস কারখানার বিদ্যমান শ্রম পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, শ্রমিক নেতা, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রম আইনে বোনাসের বিষয়ে কোন কথা বলা নেই। দীর্ঘদিন থেকে কারখানাগুলো যার যার সাধ্য অনুযায়ী শ্রমিকদের বোনাস দিলেও এ বিষয়টি নিয়ে অসন্তোষের সৃষ্টি হয়। এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইনে বোনাসের কথা না থাকলেও সামর্থ্য এবং অতীতের রীতি অনুযায়ী মালিকরা বোনাস দেবেন। এরই মধ্যে অনেকে বোনাস দিয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি। বৈঠক শেষে ইত্তেফাককে তিনি বলেন, অতীতের বকেয়া বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি চলতি জুলাই মাসের কমপক্ষে ১৫ দিনের বেতন পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে।
বেতন ভাতা নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে এমন কারখানাগুলোর আলাদা তালিকা তৈরি করেছে বিজিএমইএ ও গোয়েন্দা সংস্থাগুলো। বিজিএমইএ’র হিসাবে এমন কারখানার সংখ্যা ১ হাজার হলেও গোয়েন্দা সংস্থাগুলোর হিসাবে এই সংখ্যা ৫শ’। এসব কারখানার বেতন বোনাস পরিশোধেও সমস্যা হবে না বলে মনে করেন বিজিএমইএ’র নেতারা।
ইত্তেফাকের সঙ্গে আলাপকালে সংগঠনের সহ-সভাপতি এসএম মান্নান কচি বলেন, বিগত ঈদগুলোতে সমস্যা হয়নি। এবারের ঈদেও সমস্যা হবে না বলে আশা করছি।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদকে সামনে রেখে এই সভা আহ্বান করা হয়েছে। যথা সময়ে বেতন-ভাতা পরিশোধে মন্ত্রণালয় থেকে শ্রমিক নেতাদের ৫টি মোবাইল ফোন নম্বর দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের পরিদর্শন টিম অগ্রগতি পর্যালোচনায় বৈঠক করবেন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম সচিব মিকাইল শিপার, শ্রমিক নেতা রায় রমেশ চন্দ্র, ড. ওয়াজেদ উল ইসলাম, শুক্কুর মাহমুদ, হাবিবুর রহমান সিরাজ, বিজিএমইএ’র সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ, বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান।