কৈ মাছের প্রাণ!

‘কৈ মাছের প্রাণ’ বাগধারাটির অর্থ -যে সহজে মরে না। প্রতিকূল পরিবেশ কিংবা চরম বিপদের মধ্যেও যে বেঁচে থাকে। এই বাগধারাটির প্রয়োগ করা যেতে পারে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের লিনসে হরনি নামের এক তরুণীর বেলায়। ২২ বছর বয়সী ওই তরুণী মদ্যপান করে একটি ট্রেন লাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন। তার ঘুমন্ত শরীরের উপর দিয়ে ট্রেন চলে যাবার পর যেখানে তার টুকরো টুকরো হয়ে যাবার কথা ছিল, সেখানে দেখা গেল তখনও তিনি দিব্যি ঘুমাচ্ছেন! ট্রেনের চালক লরেঞ্জা ডরসি বলেন, মেয়েটির ভাগ্য ভালো ছিল বলতে হয়। ট্রেনের নিচে সারা বিশ্বে যখন অগণিত মানুষের মৃত্যু হয় সেখানে লিনসের বেঁচে থাকা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। অথচ সেটাই ঘটেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ট্রেনটি অতি দ্রুত তার শরীরের উপর দিয়ে চলে যায়। সবাই যেখানে বিভত্স কিছু দেখার আশঙ্কায় ছিল, সেখানে দেখা গেল মেয়েটি বেঘোরে ঘুমাচ্ছেন! তবে বেঁচে গেলেও মামলা খেতে হয়েছে তাকে। কারণ ট্রেন লাইন ঘুমানোর জায়গা নয়। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক আচরণের জন্যও আইনি সাজা ভোগ করতে হয়।