গণমাধ্যম ভুল তুলে ধরলে সরকার সংশোধনের সুযোগ পায়: তথ্যমন্ত্রী
প্রকাশ : ১৫ জুলাই ২০১৪, ২৩:২১
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সমালোচনায় সরকার বিব্রত নয়। মিথ্যাচার ও গুজবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। যারা সরকার পরিচালনা করেন তারাও মানুষ। মানুষের ভুল হওয়া অস্বাভাবিক নয়। গণমাধ্যম এসব ভুল তুলে ধরলে সরকার সংশোধনের সুযোগ পায়। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সংবাদ কর্মীদের ‘গণমাধ্যম কেন্দ্র’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধান তথ্য কর্মকর্তা তছির উদ্দিন আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তথ্য সচিব মরতুজা আহমদ, সচিবালয় রিপোর্টার্স ফোরামের সভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ও শাহনাজ বিশ্বাস ইয়াসমিন এ সময় বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার অতীতের জঞ্জাল দূর করা, বর্তমানের ধারাবাহিকতা এবং ভবিষ্যতের স্বপ্ন ভিত্তি রচনার কাজ করে যাচ্ছে। এই তিনটি কাজ বাস্তবায়নে সকলের সঙ্গে সাংবাদিকদের বিশেষ সহযোগিতা দরকার। তথ্যমন্ত্রী বলেন, সরকার পরিচ্ছন্ন গণতন্ত্র নির্মাণে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার বিগত দিনের সামরিক-স্বৈরতন্ত্রের ছাপ-চিহ্ন নিশ্চিহ্ন করতে কাজ করছে। এই কাজে অনেক প্রতিবন্ধকতা আছে। গণমাধ্যম যেহেতু গণতন্ত্রের অন্যতম পাহারাদার তাই এই কাজে সাংবাদিকদের সহযোগিতা চাই। নতুন এই গণমাধ্যম কেন্দ্রে তারহীন ইন্টারনেট সংযোগসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।
‘খালেদা জিয়া পাকিস্তানি ভাবধারা
প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন’
এদিকে, শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদের প্রতিনিধি সভায় তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া মুখে গণতন্ত্রের কথা বললেও আসলে পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছেন। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে তিনি সামপ্রদায়িক ও জঙ্গিবাদীদের মদদ দিচ্ছেন এবং খুনী সন্ত্রাসীদের বাঁচানোর চেষ্টা করছেন।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূরুল আখতার, শিরীন আখতার এমপি, নাজমুল হক প্রধান এমপি, সাংগঠনিক সম্পাদক করিম সিকদার, নাইমুল আহসান জুয়েল, শওকত রায়হান প্রমুখ।