অভিনয়ের ভালোবাসায়...

কঠোর পরিশ্রম করে নিজের মেধা দিয়ে ভালো ভালো চলচ্চিত্রে কাজ করেছিলেন বিধায় পপি এখন পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ঈদ এলে পপি দু-একটি নাটক টেলিফিল্মে কাজ করেন। সেক্ষেত্রে গল্প, নির্মাতা এবং কো-আর্টিস্ট এই কয়েকটি বিষয়কে তিনি বেশ প্রাধান্য দেন। এবার এই তিনটি বিষয়ই ব্যাটে বলে মিলে যাওয়ায় পপি একটি টেলিফিল্মে কাজ করেছেন। বিপ্লব হায়দারের রচনায় ও পরিচালনায় ‘ভালোবাসার নৌকো’ টেলিফিল্মে কাজ করেছেন পপি। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন সুপার হিরো সোহান খান ও নবাগত মনিরাজ। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে এই টেলিফিল্মটির শুটিং হয়েছে। বৃষ্টিতে শুটিং কিছুটা বিঘ্ন ঘটায় শুটিং শেষ করতে করতে ভোর চারটা বেজে যায়। টেলিফিল্মটি নিয়ে পপির সঙ্গে কথা বলতে চাইলে ওইদিন রাত ২টায় ফোন করেও কথা বলার সুযোগ মিলেনি। পরিচালক বিপ্লব হায়দার বলছিলেন, ‘শুটিংটা শেষ করা জরুরি। তাই আপাতত কোনোরকম অবসর দিচ্ছি না, কথাই বলতে পারছেন না কেউ-ই।’ যথারীতি পরদিন সকালে জানা গেলে পপিসহ পুরো ইউনিটই ভোর চারটা পর্যন্ত বিরতিহীন কাজ করেছেন। এ প্রসঙ্গে পপি বলেন, ‘প্রায়শই শুনি শিল্পীরা প্রযোজক-পরিচালককে ভোগান। কিন্তু এটা আসলে খুব কমই হয়। আমি নিজেই সবসময় চেষ্টা করি পরিচালককে সহযোগিতা করার। যেমন বিপ্লবকে করেছি। এমন আরও অনেকেই আছেন আমাদের ইন্ডাস্ট্রিতে যাদেরকে আমি যথেষ্ট সহযোগিতা করেছি। পরিচালক হিসেবে বিপ্লব একজন মেধাবী পরিচালক। তার কাজের ধরন আমার ভীষণ ভালো লেগেছে। এই ধরনের মেধাবী নির্মাতাদের কাজের পরিবেশ সৃষ্টি করে দেওয়া উচিত।’ পপি জানান আসছে ঈদে আর একটি নাটক কিংবা টেলিফিল্মে তিনি অভিনয় করতে পারেন। পপি অভিনীত যেসব ছবি এখন মুক্তির অপেক্ষায় আছে সেগুলো হচ্ছে ‘চার অক্ষরের ভালোবাসা’, ‘বিয়ে হলো বাসর হলো না’, ‘দুই বেয়াইয়ের কীর্তি’, ‘মন খুঁজে বন্ধন’, ‘শর্টকাটে বড়লোক’ ও ‘পৌষ মাসের পীরিতি’। ‘ভালোবাসার নৌকো’ শিরোনামের টেলিফিল্মটি আসছে ঈদে একুশে টিভিতে প্রচার হবে।