টাঙ্গাইলের মির্জাপুরে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মীর আনোয়ার হোসেন টুটুল মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২০:১১
আমি এক নার্স, সেবাই আমার ধর্ম—এই স্লোগান নিয়ে গত ১২ মে টাঙ্গাইলের মির্জাপুরে আর্ন্তজাতিক সেবিকা (বিশ্ব নার্স) দিবস ও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম দিন উপলক্ষে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজে। দিবসটি উপলক্ষে সকালে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে কুমুদিনী নার্সিং স্কুল ও বিএনসি নার্সিং কলেজের ছাত্রীরা হাতে মোমবাতি জ্বেলে একটি র্যালি বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। র্যালি শেষে কেক কাটা, মোমবাতি প্রজ্বলন, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রীরা। আলোচনা সভায় নার্সদের কর্ম দক্ষতা ও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবন ও আদর্শ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর শুরু হয় নার্সিং স্কুল ও কলেজের ছাত্রীদের অংশ গ্রহণে নাটক এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমুদিনী হাসপাতালের মেডিকেল সুপার ডা. প্রদীপ কুমার রায়, নার্সিং স্কুল ও বিএসসি নার্সিং কলেজের প্রিন্সপাল সিস্টার রিনা ক্রুস, ভাইস প্রিন্সিপাল শেফালি সরকার, শিক্ষক শিউলী গোমেজ, অনিমা পোদ্দার, আরতি সাহা, শামিমা খাতুন, মহসিনা খাতুন, সুষমা সরকার প্রমুখ।