দুই হাজার শ্রমিক-কর্মচারী ঈদ আনন্দ বঞ্চিত
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২০:৩৮
কোহিনূর জুট মিল
রায়পুরার কোহিনূর জুট মিল ১০ মাস ধরে বন্ধ থাকায় মিলে কর্মরত প্রায় ২ হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। মালিক পক্ষের দ্বারে দ্বারে ঘুরে দীর্ঘদিনেও বকেয়ার টাকা পাচ্ছেন না। এ অবস্থায় ছোট ছোট শিশুসহ অন্য সদস্যদের নিয়ে আনন্দ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পাশাপাশি দীর্ঘদিন ধরে মিলটি বন্ধ থাকায় মিলের সরঞ্জামাদি, স্থাপনাসহ প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকার সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
১৯৬৪ সালে নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামে মেঘনার তীরবর্তী এলাকায় প্রয়াত মৌলভী তোফাজ্জল হোসেনের উদ্যোগে ১৭২ বিঘা জমির উপর স্থাপিত হয় এ মিলটি। ১৭শ’ শ্রমিকসহ প্রায় ২ হাজার কর্মচারী নিয়ে মিলটির যাত্রা শুরু করে। কোহিনূর জুট মিলস ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শেখ রাশেদ মিয়া বলেন, মিলের বর্তমান অবস্থা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। শ্রমিক-কর্মচারীদের স্বার্থে ঈদের পূর্বেই বেতন ভাতাদি পরিশোধ করার দাবী জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না।
কোহিনূর জুট মিলস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক হাজী তারেক আহমেদের সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।