টেকনাফে পাঁচ দিন পর অপহূত যুবক উদ্ধার :আটক দুই
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২০:৩৯
কক্সবাজারের টেকনাফে পাঁচ দিন পর অপহূত এক যুবককে উদ্ধার করেছে র্যাব। এসময় ঘটনার সাথে জড়িত দুই অপহরণকারীকে আটক করা হয়। র্যাব সূত্র জানায়, গত ১০ জুলাই ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন সেলিমের ছেলে তৌফিক হোসেন তারেক টেকনাফ ভ্রমণে আসেন। এসময় টেকনাফের একটি অপহরণকারী চক্র তারেককে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তারপর পরিবারের সাথে যোগাযোগ করে মুক্তিপণ হিসাবে ৩ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় অপহূতের বাবা আনোয়ার হোসেন সেলিম বাদী হয়ে নুরুল হোসেনসহ পাঁচজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেন। এরপর অপহরণকারীদের কাছ থেকে একটি বিকাশ নম্বর নেন। এদিকে গত মঙ্গলবার রাতে র্যাবের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মুক্তিপণের টাকা লেনদেনের সময় টেকনাফ পৌরসভার মংগ্রী মার্কেটে অভিযান চালিয়ে একটি দোকান থেকে অপহূত তৌফিক হোসেন তারেককে উদ্ধার করে। এসময় টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার হোছন আহমদের ছেলে নুরুল আমিন ও গোদার বিল এলাকার লোকমান হাকিমের ছেলে আলী হোসেনকে আটক করে।