নারী বিশপ আসছেন অ্যাংলিকান চার্চে

গির্জার শত শত বছরের ঐতিহ্যের ব্যতিক্রম ঘটিয়ে প্রথমবারের মতো নারী বিশপ নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন চার্চ অব ইংল্যান্ডের নীতি-নির্ধারকরা। নারী বিশপ নিয়ে এর আগে কয়েকটি উদ্যোগ নেয়া হলেও নীতি-নির্ধারকদের মতবিরোধের কারণে তা সিদ্ধান্তের পর্যায়ে যায়নি। সোমবার বিষয়টি নিয়ে পাঁচঘণ্টা যুক্তিতর্কের পর ভোটাভুটির মাধ্যমে ইতিবাচক সিদ্ধান্তে আসেন চার্চ অব ইংল্যান্ড বা অ্যাংলিকান চার্চের ‘জেনারেল সিনোড’। উত্তর ইংল্যান্ডের ইয়র্ক শহরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দুই বছর আগে এ ধরনের একটি উদ্যোগ নেয়া হলেও গির্জার প্রথাপন্থি সদস্যদের বিরোধিতার কারণে তা ব্যর্থ হয়ে যায়।