নাতিদের সাথে সময় কাটাতেই বাইরে গিয়েছিলাম :রুনা লায়লা

দেশের বাইরে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কন্যা তানি লায়লা থাকেন। তাই কন্যার দেখভালের জন্য সেখানে যান। স্টেজ প্রোগ্রামে গেলেও এতটা সময় পান না, মেয়ে বা নাতি-নাতনিদের সাথে কথা বলতে। তাই এবারে টানা দুই মাসের সফর করে ফিরলেন তিনি। লন্ডন থেকে মেয়ে আর নাতিদের নিয়ে ঘুরতে আমেরিকায়ও গিয়েছিলেন রুনা লায়লা। দেশে ফিরে রুনা লায়লা জানালেন, ‘আমার নাতি জাইন সেরা পারফর্মার হিসেবে হুইটিংস হিল ট্যালেন্ট প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছে। ও সত্যিই দারুণ গেয়েছে। জাইনকে নিয়ে আমি গর্বিত।’ নানির পথ ধরে নাতিও গানকে পেশা হিসেবে নেবে কি না জানতে চাইলে রুনা হেসে উত্তর দেন, ‘জাইন এখনও ছোট। গানের প্রতি ওর ভালো লাগা আছে। চর্চা নিয়মিত ধরে রাখলে শিল্পী হতেও পারে সে। তবে তানি আমাকে বলেছে, ছেলেরা যে পেশা বেছে নেবে তাতে বারণ থাকবে না। আমরা শুধু পরামর্শ দেবো ওদের।’ জাইনের পুরস্কার জয়ের পাশাপাশি এবার অ্যারনের সপ্তম জন্মদিনের অনুষ্ঠান উপভোগ করেছেন রুনা। তবে বিদেশে থাকলেও দেশীয় খাবারই তার প্রথম পছন্দ জানিয়ে রুনা বললেন, ‘আমরা মা-মেয়ে একসঙ্গে হলে নানা স্বাদের খাবার রান্না হয়। তবে আলু ভর্তা আর দোপেঁয়াজো সবচেয়ে বেশি উপভোগ করি আমরা।’