নেত্রকোনার সিএনজি স্টেশনে ছয় বছরেও গ্যাস সংযোগ মেলেনি
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২১:০৯
নেত্রকোনা পৌর এলাকার হোসেনপুরে অবকাঠামোগত সকল সুযোগ-সুবিধাসহ সিএনজি স্টেশন নির্মাণ করা হলেও গত ছয় বছর গ্যাসের সংযোগ না দেয়ায় সিএনজি গাড়ি চালকরা বিপাকে পড়েছেন। অথচ নেত্রকোনায় গ্যাসের লাইন রয়েছে। কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। গ্যাস সংযোগ দেয়া হবে এ আশাবাদের ভিত্তিতে ২০০৯ সালে এআর খান পাঠান ৫ কোটি টাকা ব্যয়ে অবকাঠামোগত সকল সুযোগ-সুবিধাসহ সিএনজি রিফুয়েলিং স্টেশন নির্মাণ করেন। নেত্রকোনায় সিএনজি স্টেশন আছে মনে করে অনেক গাড়ি চালক ময়মনসিংহে বা ঢাকায় সিলিন্ডারে গ্যাস না ভরে নেত্রকোনায় চলে আসেন। কিন্তু নেত্রকোনায় গ্যাস না পাওয়া যাওয়াতে তাদের বিড়ম্বনার শেষ নেই। গত কয়েক বছরে নেত্রকোনা থেকে ময়নসিংহে গ্যাস আনতে গিয়ে দুর্ঘটনায় ৬/৭ জন ব্যক্তি নিহত হয়েছেন। নেত্রকোনা থেকে ময়মনসিংহের দূরত্ব ৪০ কিলোমিটার। ময়মনসিংহে গিয়ে গ্যাস আনাতে যেতে প্রতিটি যানের ৮০ কিলোমিটার চলাচল করতে হয়। এতে যানজটে পড়লে ২-৩ ঘণ্টা সময় অপচয় হয়। নেত্রকোনায় গ্যাসের সংযোগ দেয়া হলে জ্বালানি খরচ ও সময় দুটোই বাঁচবে।