চাটমোহরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, আটক ৩

মঙ্গলবার রাতে পাবনার চাটমোহর-অষ্টমনিষা সড়কের গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর ছোট বটতলা ব্রিজের পাশে দুর্বৃত্তরা পিটিয়ে ও শ্বাসরোধ করে এক ব্যবসায়ীকে খুন করেছে। দুর্বৃত্তদের মারপিটে আহত হয়েছেন অপর দু’জন। দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর মোটর সাইকেল, নগদ টাকা, মোবাইল ফোন সেট নিয়ে গেছে। নিহত ব্যবসায়ী হলেন উপজেলার মির্জাপুর গ্রামের মৃত বৈদ্যনাথ সাহার ছেলে প্রণব কুমার সাহা (৪৫)। নিহত প্রণব চাটমোহরের ব্যবসায়ী ও সমাজ সেবক বিকাশ সাহার ছোট ভাই। আহতরা হলেন বিকাশ সাহার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী গৌরীপুর গ্রামের রতন পালের ছেলে নিমাই পাল (২৬) ও মির্জাপুর গ্রামের রঘুনাথ চক্রবর্তীর ছেলে রঞ্জিত চক্রবর্তী ভোলা (৩৫)। পুলিশ রাতে লাশ উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা প্রণব সাহার পালসার মোটর সাইকেল, তিনটি মোবাইল ফোন সেট ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে। এরা হলেন পৌর এলাকার ছোট শালিখা মহল্লার তোরাব আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০), কুমারগাড়া গ্রামের জিন্নাত আলী মকবুলের ছেলে শরীফ হোসেন (২২) ও পাবনার হেমায়েতপুর গ্রামের আহমদ আলীর ছেলে মনোয়ার হোসেন (৩০)।