নারায়ণগঞ্জে মা ও মেয়ে হত্যায় ৩ জনের ফাঁসি
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২১:১০
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর মা ও মেয়েকে জবাই করে হত্যা মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখতেও রায়ে আদেশ দেয়া হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলো ওমর ফারুক, আবদুল মালেক ওরফে হিরু মালেক ও আবদুস সালাম।
জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কে এম ফজলুর রহমান, ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালতে রায় ঘোষণা করেন। সাতদিনের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
তিনি আরো জানান, ২০১২ সালের ১৪ আগস্ট রাতে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া আমেনা মঞ্জিলে সৌদি প্রবাসী আহাম্মদ আলীর স্ত্রী মাবিয়া বেগম ও মেয়ে শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তারকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মাবিয়া বেগমের ভাই নুরুল হুদা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজন আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে। পরে তিনজনকে অভিযুক্ত করেই আদালতে চার্জশিট দেয়া হয়।