গ্রেফতার ৩
কমলাপুরে সোয়া দুই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২১:১২
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে গতকাল বুধবার ৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে তিন যাত্রী। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ সুমন, মোহাম্মদ দিলু মিয়া ও মোহাম্মদ সেলিম ওরফে শহীদ। এদের মধ্যে সুমন ও দিলুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গতকাল তিন দিনের রিমান্ডে নিয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণবারের মূল্য আনুমানিক ২ কোটি ২৫ লাখ টাকা। স্বর্ণবার আটকের পর থেকে কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকা জিআরপি থানার ওসি আব্দুল মাজিদ জানান, গ্রেফতারকৃত তিন জনই তূর্না নিশীথা এক্সপ্রেসের যাত্রী। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল পৌনে ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনে পৌঁছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগেই থেকেই তাদেরকে অনুসরণ করছিল। ট্রেন থেকে নামার পর সুমন ও দিলুকে কমলাপুর স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা স্বর্ণবার থাকার কথা অস্বীকার করে। পরে তাদের দেহ তল্লাশী করে পায়ের মোজা ও জুতার ভেতর থেকে উদ্ধার করা হয় ৩৪টি স্বর্ণবার। এরমধ্যে সুমনের কাছে ছিল ১৬টি এবং দিলুর কাছে ছিল ১৮টি। তবে তারা আটক হওয়ায় পর স্টেশনে যাত্রীদের মধ্যে আত্মগোপন করে সেলিম। দুপুর ১টার দিকে স্টেশন এলাকায় ব্যাপক তল্লাশী চালিয়ে গ্রেফতার করা হয় সেলিমকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৬টি স্বর্ণবার। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সুমনের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল থানার অমরিতা এবং দিলু ও সেলিমের বাড়ি একই জেলার বানিয়াচং থানার সিকান্দরপুর। দুপুর ১টার দিকে গ্রেফতার হওয়ার কারণে সেলিমকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো সম্ভব হয়নি। আজ তাকে আদালতে পাঠানো হবে। অপর দিকে দিলু ও সুমনকে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, চট্টগ্রামের একটি হোটেলে এক ব্যক্তি তাদেরকে স্বর্ণবারগুলো দিয়েছিল। ওই ব্যক্তির নাম ঠিকানা তারা জানে না।