অকাল প্রয়াত দুই সাংবাদিককে স্মরণ

বুধবার বৃষ্টিভেজা দিনে প্রয়াত দুই সদস্যকে স্মরণ করলো ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। অল্প সময়ের ব্যবধানে চলে যাওয়া এ সদস্যরা হলেন দৈনিক জনকণ্ঠের শফিকুল ইসলাম সেন্টু ও ভোরের কাগজের কিশোর কুমার। সেই সঙ্গে কিশোর কুমারের পরিবারের হাতে ডিআরইউ-এর পক্ষে এক লাখ টাকা এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকার সহায়তা তুলে দেওয়া হয়। ডিআরইউ-এর সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বক্তব্য রাখেন কিশোর কুমারের মা মালতি রানী দাস, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক। উপস্থিত ছিলেন কিশোর কুমারের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ। ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইলিয়াস খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউয়ের সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ। প্রসঙ্গত, মো. শফিকুল ইসলাম সেন্টুর পরিবার পরিজনের কেউ না থাকায় ডিআরইউ-এর পক্ষ থেকে দেয়া অনুদান দেয়া সম্ভব হয়নি।