নতুন এফটিপি অনুযায়ী আসছে জিম্বাবুয়ে

বাংলাদেশের মাটিতে সবচেয়ে নিয়মিত অতিথি সম্ভবত জিম্বাবুইয়ানরা। সেই টেস্ট স্ট্যাটাস পূর্ব যুগ থেকেই এই দুই দেশের সফর বিনিময় চলছে। আবারও এ বছরের শেষ দিকে দীর্ঘ এক সফরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। এই সফরে দুই দল ৩টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলবে। দীর্ঘকাল পর বাংলাদেশ আবার খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ২৬ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্টের ভেতর দিয়ে শুরু হবে এই দীর্ঘ সিরিজ। একই ভেন্যুতে দুই দল ৩ নভেম্বর থেকে খেলবে দ্বিতীয় টেস্ট। এরপর তৃতীয় টেস্ট খেলতে আবার ঢাকায় চলে আসবে দুই দল। ১১ নভেম্বর থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। মিরপুরেই ১৯, ২১ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ। এরপর আবার চট্টগ্রাম চলে যাবে দুই দল। সেখানে ২৬ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুই ওয়ানডে। এই তিন ম্যাচ টেস্ট সিরিজের অবশ্য আরেকটি তাত্পর্য আছে। ২০০৭ সালের পর এই প্রথম তিন টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। এই নিয়ে তৃতীয়বারের মতো তিন টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়েও সর্বশেষ তিন টেস্টের সিরিজ খেলেছিল ২০০১ সালে। সবচেয়ে বড় কথা এই সিরিজ দিয়েই বাংলাদেশের নতুন এফটিপির ৬৪ টেস্টের সেই মহাযজ্ঞ শুরু হচ্ছে। আইসিসির খসড়া এফটিপি অনুযায়ী আগামী ৮ বছর বাংলাদেশ খেলবে ৬৪টি টেস্ট ম্যাচ। ২০১৫-২৩ সময়কালের নতুন এফটিপি’র মেয়াদ অক্টোবর-২০১৪ থেকে ডিসেম্বর-২০২২ পর্যন্ত। নতুন এফটিপির এই সময়ে শুধু দ্বিপক্ষীয় সিরিজেই ৯০টিরও বেশি ওয়ানডে এবং ২৭টি টি-টোয়েন্টি ম্যাচও খেলার কথা বাংলাদেশের। এই এফটিপির অত্যন্ত উল্লেখযোগ্য দিক ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ। এর মধ্যে ২০১৬ সালের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল এমনটাই নিশ্চিত হয়েছে। আর ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশে সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। এ বছর অক্টোবরে আইসিসি’র পরবর্তী বোর্ড সভার আগেই এফটিপি নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি করে ফেলার জন্য নির্দেশ রয়েছে টেস্ট খেলুড়ে দেশগুলোর উপর। এছাড়াও ২০১৫ এবং ২০২০ সালে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের ক্রিকেট দলের। আর ২০২০ এ বাংলাদেশে আবারও আসবে অস্ট্রেলিয়া। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের ৯ বছর পর আগামী ২০১৭ এর আগস্টে ২টি টেস্ট-ও ৩টি ওয়ানডে খেলতে আবার সেখানে যাওয়ার কথা বাংলাদেশের। নতুন এফটিপিতে বাংলাদেশের জন্য বড় হতাশা সম্ভবত একটিও ইংল্যান্ড সফর না পাওয়া। যদিও ৪ দফায় বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। নতুন এফটিপি’র সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো ৮টি ৩ ম্যাচের টেস্ট সিরিজ, যার ৬ টি জিম্বাবুয়ে (হোম ৪টি), ২টি নিউজিল্যান্ডের বিপক্ষে (১টি হোম) সিরিজ খেলবে বাংলাদেশ। উল্লেখ্য যে, এর আগে শুধু ২০০৩-এ পাকিস্তান আর ২০০৭-এ শ্রীলঙ্কার বিপক্ষে ২টি ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। নতুন এফটিপিতে বাংলাদেশ সবচাইতে কম টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২টি করে সিরিজ। বাংলাদেশে জিম্বাবুয়ে তারিখ ম্যাচ ভেন্যু ২৬-৩০ অক্টোবর ১ম টেস্ট চট্টগ্রাম ০৩-০৭ নভেম্বর ২য় টেস্ট চট্টগ্রাম ১১-১৫ নভেম্বর ৩য় টেস্ট মিরপুর ১৯ নভেম্বর ১ম ওয়ানডে মিরপুর ২১ নভেম্বর ২য় ওয়ানডে মিরপুর ২৩ নভেম্বর ৩য় ওয়ানডে মিরপুর ২৬ নভেম্বর ৪র্থ ওয়ানডে চট্টগ্রাম ২৮ নভেম্বর ৫ম ওয়ানডে চট্টগ্রাম