দল-বদলেও বিশ্বকাপের হাওয়া!
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২১:৩১
সব আলো নিভে গেছে, ফাঁকা হয়ে গেছে বিশ্বকাপের শহরগুলো। দীর্ঘ এক মাসের ফুটবলের মহোত্সব রেখে গেছে কিছু স্মৃতি আর এক গাদা বিস্ময়। টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও কি তার আমেজ এতো সহজে কেটে যায়? এই বিশ্বকাপের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই যে নির্ধারিত হবে আগামী সময়ের ফুটবল ভাগ্য।
ইউরোপিয়ান দল বদলের বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। সমর্থকরা যেমন বিশ্বকাপের জন্য মুখিয়ে ছিলেন, একইভাবে দলগুলোর ব্যবস্থাপনা বিভাগও খেলোয়াড় বাছাইয়ের জন্য এই বিশ্বকাপেরই অপেক্ষায় ছিল। আর বিশ্বকাপ শেষ হবার সাথে সাথেই যেন খেলোয়াড়দের দলে নেয়ার জন্য রীতিমত উঠে-পড়ে লেগেছেন।
এই দল বদলের বাজারে সবচেয়ে বড় বাজি মারলো ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল। বিশ্বকাপ চলাকালীন সময়েই তারা দলে নিয়ে নিয়েছে চিলির ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজকে। বার্সেলোনা থেকে তিন কোটি ২০ লাখ পাউন্ডের বিনিময়ে তিনি নাম লিখিয়েছেন লন্ডনের ক্লাবটিতে।
দল বদলের বাজারে আর্সেনালই এখন পর্যন্ত সবচেয়ে বেশি এগিয়ে আছে। সানচেজ ছাড়াও আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিতে মরিয়া হয়ে উঠেছে তারা। জার্মান তারকা সামি খেদিরাকে দলে নেয়ার ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে গেছে দলটি। গুজব আছে বিশ্বকাপ জয়ী দলটির এই মিডফিল্ডারকে রিয়াল মাদ্রিদের কাছ থেকে পাওয়ার জন্য দুই কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে হবে।
গানারদের এতো তোড়জোড়ের মধ্যে থেমে নেই তাদেরই লিগ প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় নেয়ার কাজ। বিশ্বকাপের তিন তারকার দিকে পড়েছে তাদের নজর। তারা হলেন, আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি মারিয়া, চিলির আরতুরো ভিদাল ও জার্মান দলের ম্যাট হামেলস।
যদিও ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনও হাত বাড়িয়েছে রিয়াল মাদ্রিদের মারিয়ার দিকে। তবে, সেই লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচ লুই ফন গাল চলে আসার সাথে সাথেই যেন নতুন করে জ্বলে ওঠার মিশনেই মাঠে নামছে রেড ডেভিলরা। সব মিলিয়ে এই মৌসুমে প্রায় ১০ কোটি পাউন্ড খরচ করতে রাজি আছেন তিনি।
এরই মধ্যে চিলির মিডফিল্ডার ভিদালকে প্রায় নিশ্চিত করে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল এই দলটি। সমপ্রতি চিলির স্থানীয় একটি টেলিভিশনেও নিজের ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির সাথে খেলার ইচ্ছার কথা প্রকাশ করেছেন জুভেন্টাসের এই তারকা, ‘আমি অবশ্যই বিশ্বের সেরা একটি দলের হয়ে খেলতে আগ্রহী।’ গুজব আছে সব কিছু ঠিকঠাক থাকলে ২৭ বছর বয়সী ভিদালকে দলে নেয়ার জন্য তিন কোটি ২০ লাখ পাউন্ড খরচ করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
মৌসুমের সবচেয়ে বড় ট্রান্সফারটা বিশ্বকাপ চলাকালীন সময়েই সেড়ে ফেলেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বিশ্বকাপের অন্যতম ‘সমালোচিত’ তারকা লুইস সুয়ারেজকে দলে নিয়ে ফেলেছে তারা। লিভারপুল থেকে উরুগুয়ের এই ফুটবলারকে দলে নেয়ার জন্য তাদের গুনতে হয়েছে আনুমানিক সাত কোটি পাউন্ড।
পিছিয়ে নেই তাদের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও।
বায়ার্ন মিউনিখ থেকে জার্মান দলের অন্যতম তারকা টনি ক্রুসকে দলে নেয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে দলটি। আর গুজব আছে কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাওকেও চাইছে রিয়াল মাদ্রিদ।
এছাড়াও বড় চমক আনতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী খেলোয়াড় জেমস রড্রিগেজকে নিতে যাচ্ছে এল গ্যালাটিকোরা। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও তাকে দলে চাইছেন, ‘জেমসের প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহ আছে কি-না আমি জানি না। দেখা যাক, কি হয়। সব খেলোয়াড়ের নজরই ছিল বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপ শেষ হয়েছে, এখন যেকোনো কিছুই ঘটতে পারে। তবে, রিয়ালের জন্যও ভাল হবে। আমার দৃষ্টিতে বিশ্বের সেরা দল রিয়াল মাদ্রিদের জন্য এটা একটা অসাধারণ চুক্তি হবে সেটা। দারুণ একটা দল হয়ে উঠবো আমরা।’