বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ (৬৫) গত মঙ্গলবার মধ্যরাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। জাফর আহমেদের মৃত্যুর খবর শুনে রাতেই ইউনাইটেড হাসপাতালে যান সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। গতকাল বুধবার সকালে পুরানা পল্টনের মুক্তি ভবনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাফর আহমেদের মরদেহ রাখা হয়। সেখানে দল ও এর অসঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে জন্মস্থান মৌলভীবাজারে নিয়ে সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জাফর আহমেদের জন্ম ১৯৫৪ সালের ১১ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। মৌলভীবাজার সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর তিনি ঢাকা সিটি ল কলেজে ভর্তি হন। পরে তিনি উচ্চতর পড়াশোনার জন্য ১৯৭৯ সালে যান জার্মানিতে। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখেন জাফর আহমেদ। মৌলভীবাজার কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন। ছাত্র আন্দোলনের পর যোগ দেন সিপিবিতে। সিলেটে চা শ্রমিক হত্যার প্রতিবাদ করতে গিয়ে ১৯৭২ সালে তিনি কারাগারে যান। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করার পর গ্রেফতার হয়ে এক বছর কারাগারে থাকতে হয়েছিল তাকে। এরশাদ বিরোধী আন্দোলনেও গ্রেফতার-নির্যাতনের শিকার হন।