ল্যান্ডিংয়ের হ্যাটট্রিকে ফেনীর জয়

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল ল্যান্ডিংয়ের হ্যাটট্রিকে ফেনী সকার ক্লাব ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে উত্তর বারিধারাকে। গোপালগঞ্জে দিনের দ্বিতীয় খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ৯ মিনিটেই বারিধারার বিপক্ষে ফেনী সকারকে এগিয়ে দেন আলী আহমেদ। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আগের চেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে সকার ক্লাব। ৫৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শটে ব্যবধান বাড়ান ল্যান্ডিং। দশ মিনিট পর অবশ্য খালিকুর জামিনের করা কর্নারে হেড করে বারিধারার পক্ষে ব্যবধান একটু কমান দুলাল হাসান। ৭৬ মিনিটে ফেনীর চোকাচার্লসকে ধাক্কা দিয়ে মাঠিতে ফেলে দেন ওয়েমেনি ওলামেঞ্জি। রেফারি পেনাল্টির শংকেত দেন। পেনাল্টি থেকে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন ল্যান্ডিং। ৮৪ মিনিটে এই গাম্বিয়ান ফুটবলার হ্যাট্টিক পূর্ণ করেন। এদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার খেলায় ৬১ মিনিটে একমাত্র গোল করে স্বাগতিক মুক্তিযোদ্ধাকে জেতান কিংসলে।