ব্রাজিল ক্রমেই নিচের দিকে নামছে : মেনেজেস

জার্মানদের কাছে সেমিফাইনালে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে দুঃখজনক বিদায় ঘটেছে স্বাগতিক ব্রাজিলের। এত বড় পরাজয়ের হতাশা কারো কারো মতে ১৯৫০ সালের ঘরের মাঠের প্রথম বিশ্বকাপ শিরোপা না পাবার দুঃসহ স্মৃতিকেও হার মানিয়েছে। ব্রাজিলের সাবেক কোচ মানো মেনেজেস মনে করেন দক্ষিণ আমেরিকার দলটি নিজেরাও ভালভাবে বুঝতে পারছে না কিভাবে এই সমস্যার সমাধান তারা করবে। তার মতে ইউরোপীয়ান দলগুলো তাদের উন্নত টেকনিক্যাল দক্ষতা দিয়েই দিনে দিনে দক্ষিণ আমেরিকানদের থেকে উপরে উঠে যাচ্ছে। সাবেক এই কোচের মতে, কোন একজন খেলোয়াড়ের ব্যক্তিগত দক্ষতার উপর পুরো দল নির্ভরশীল হয়ে পড়েছিল যার কারণে তাদের টেকনিক্যাল দক্ষতার অবনতি হয়েছে। আমরা নিজেদের সমস্যা চিহ্নিত করতে পেরেছি কিন্তু এর থেকে বের হয়ে আসার কোন পথ আমাদের জানা নেই। আসলে এ সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন মানুষের অভাব রয়েছে। এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলের এটাই সবচেয়ে বড় সমস্যা। নিজেদের সমস্যা চিহ্নিত করে তার সমাধান করতে পারলে আমরা ম্যানেজারের মেয়াদ দীর্ঘায়িত করতাম এবং খেলোয়াড়দের উন্নতির দিকে নজর দিতাম। কৌশলগত ভাবেই ব্রাজিলের বর্তমান খেলোয়াড়রা উন্নত নয়। আমাদের বলের নিয়ন্ত্রণ যাচ্ছেতাই। অথচ সামপ্রতিক সময়ে ইউরোপীয়ান ফুটবলের দিকে তাকালে পার্থক্য লক্ষ্য করা যাবে। তারা আমাদের তুলনায় সবদিক থেকেই উন্নত। আমরা এখনো ড্রিবলিং, ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভরশীল। কিন্তু অতীতে আমরা যেভাবে খেলোয়াড়দের ব্যবহার করেছি তার কিছুই এখন দেখা যায় না।-বাসস