বিকাশ এজেন্টের টাকা ছিনতাই চক্রের ৭ জন গ্রেফতার
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২১:৩৫
ঝালকাঠি বিকাশ এজেন্ট জেন ইন্টারন্যাশনাল লিমিটেডের ১০ জুন ২৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৮ জনের মধ্যে ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এর মধ্যে ৫ জন মঙ্গলবার ১ দিনের রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এরা হলেন ঝালকাঠির রাজাপুর উপজেলার মিজান, আলম ও শাহ্জাহান, নরাইলের আসারুল এবং মাদারীপুরের মিলন। বুধবার এদের জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়া ঘটনা সাথে জড়িত আরো ২ জন আরিফ হোসেন ও জামাল ওরফে হাবিব ইতিপূর্বে গ্রেফতার হয়ে ঝালকাঠি জেল হাজতে আছে। অপরদিকে ছিনতাইয়ের কাজে ব্যবহূত মাইক্রোবাস ও চালককে উদ্ধার এবং গ্রেফতারের জোর প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।এ ব্যাপারে ঝালকাঠির এএসপি সার্কেল আনোয়ার হোসেন জানান, এই ছিনতাইকারী চক্রটি দীর্ঘ দিন থেকে খুলনা ও বরিশাল অঞ্চলের বিভিন্ন স্থানে ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল।