বাগেরহাটে ব্যাংক কর্মকর্তাদের কাছে ‘চরমপন্থিদের’ চাঁদা দাবি

বাগেরহাটের সোনালী ও অগ্রণী ব্যাঙ্কের দুইজন সহকারী মহাব্যবস্থাপক ও ১৭ ব্যাঙ্ক ম্যানেজারসহ ২০ কর্মকর্তার কাছে মোবাইল ফোনে চরমপন্থি সংগঠন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (এমএল-জনযুদ্ধ) শীর্ষ নেতার পরিচয়ে চাঁদা দাবি করা হচ্ছে। এ ঘটনায় ব্যাঙ্কিং সেক্টরে চরমপন্থি আতঙ্ক সৃষ্টি হয়েছে। ব্যাঙ্ক দু’টির কর্মকর্তারা মঙ্গলবার সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেছে। এই চাঁদা দাবির ঘটনায় ব্যাংক কর্মকর্তাদের পরিবারের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এ অবস্থায় মঙ্গলবার থেকে বাগেরহাটের ব্যাঙ্কগুলোর নিরাপত্তা বৃদ্ধি ও পুলিশের নজরদারী বৃদ্ধি করা হয়েছে। বাগেরহাট সোনালী ব্যাঙ্কের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আশুতোষ মণ্ডল জানান, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তার অফিসের প্রিন্সিপাল অফিসার ও ১৭ জন সোনালী ব্যাঙ্ক ম্যানেজারের কাছে চরমপন্থি জনযুদ্ধের দুই শীর্ষ নেতা শিকদার মহিউদ্দিন ও বিপ্লব বলে নিজেদের পরিচয় দিয়ে মোবাইল ফোনে ১ লাখ থেকে বিভিন্ন অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যাঙ্ক কর্মকর্তা ও তাদের সন্তানসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্যা জানান, দুর্বৃত্তদের মোবাইলের সূত্র ধরে তাদের চিহ্নিতসহ আটকের জন্য পুলিশের কয়েকটি টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। এছাড়া ঘটনার পরপর ব্যাঙ্ক পাড়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে।