বরিশাল শেবাচিমের অর্ধকোটি টাকা লোপাটের ঘটনায় তদন্ত কমিটি
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২১:৪২
শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওলজিস্ট বিভাগের অর্ধকোটি টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। রেডিওলজিষ্ট বিভাগের সিটি স্ক্যান আদায়কৃত এ টাকা ৩ কর্মচারী আত্মসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত কমিটি গত বুধবার থেকে কাজ শুরু করলেও তাদের ‘ম্যানেজ’ করার অপচেষ্টা চলছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
দক্ষিণাঞ্চলের সর্ব বৃহত্ এ হাসপাতালের রেডিওলজিস্ট বিভাগ চলতি বছরের জানুয়ারি মাস থেকে গত মে মাস পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটিতে থাকায় ৩ কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন। তারা রোগীদের সিটি স্ক্যান বাবদ অর্থ পরস্পর যোগসাজশে আত্মসাত করেন। অতিসমপ্রতি বিপুল অংকের এ টাকা আত্মসাতের কথা জানতে পেরে হাসপাতালের রেজিস্ট্রার ও টাকা আদায়ের রশিদের মূল কপি মেলাতে গিয়ে টাকা আত্মসাতের সত্যতা পান। রোগীদের কাছ থেকে টাকা আদায়ের রশিদের মূলকপির সাথে মূল বইয়ে ( জমার অংশের) টাকার কোন মিল নেই। আর জানুয়ারি মাসের রেজিস্টার খাতার কোন হদিসই পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তিন কর্মচারী ঐ খাতা গায়েব করে ফেলেছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে- ঐ ৫ মাস রেডিওগ্রাফার তাওহিদ, মো:শরীফ ও অভ্যর্থনাকারী শামীম দায়িত্ব পালন করেছেন। তাদের ৫০ লাখের বেশি টাকা আত্মসাতের বিষয়টি নজরে আসার পর বিষয়টি লিখিতভাবে হাসপাতালের পরিচালককে জানানো হয়। পরিচালক ডা: কামরুল হাসান সেলিম গত ৯ জুলাই ঘটনা তদন্তে হাসপাতালের উপ-পরিচালক ( অর্থ) শহিদুল আলমকে প্রধান করে রেডিওলজিস্ট ডা:মুজিবুর রহমান তালুকদার ও ডা:মামুনকে সদস্য করে একটি কমিটি গঠন করে দেন। ঐ কমিটিকে ১৩ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। গত মঙ্গলবার পর্যন্ত তারা তদন্ত প্রতিবেদন জমা দেননি। তবে আজ বৃহস্পতিবার এ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য তারা সময় নিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ ও তদন্ত কমিটি জানিয়েছে।