আজ সৈয়দ ইসমাইল হোসেন শিরাজীর ৮৩তম মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২২:২৫
বাংলার মুসলিম নবজাগরণের অগ্রদূত, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, কবি, সাহিত্যিক ও বাগ্মী সৈয়দ ইসমাইল হোসেন শিরাজীর ৮৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৮৮০ সালের ১৩ জুলাই সিরাজগঞ্জের বাণীকুঞ্জে (সিরাজীবাড়ী) তিনি জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য কর্ম জীবনে পুরো সময়ে তিনি মুসলিম জাগরণ ও উন্নতির লক্ষ্যে কাজ করেছেন। তার ‘অনলপ্রবাহ’ কাব্যের উত্তাপ সহ্য করতে না পেরে ব্রিটিশ সরকার তা বাজেয়াপ্ত করে। তাকে ২ বছর কারাদণ্ড দেয়া হয়। কাব্যে মুসলিম জাগরণ ও স্বাধীনতার বাণী প্রচারের কারণে তিনিই প্রথম কারাদণ্ডিত কবি। তার গ্রন্থগুলোর মধ্যে ‘স্ত্রী শিক্ষা’, ‘স্পেনীয় মুসলমান সভ্যতা’ (প্রবন্ধ), ‘তুরস্ক ভ্রমণ’ (ভ্রমণকাহিনী), ‘রায়নন্দিনী’, ‘তারাবাই (উপন্যাস), ‘স্পেন বিজয় কাব্য’, ‘মহাশিক্ষা কাব্য’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে—সিরাজগঞ্জের বাণীকুঞ্জ (শিরাজীবাড়ী), ভারতের কলকাতা স্টেট রোডস্থ শিরাজী লাইব্রেরি, আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলা সদর ও লক্ষীপুর থানার পাকরেটারী, আজমির শরীফের শিরাজী হাউজসহ দেশের উত্তরজনপদের কুড়িগ্রাম কবির মাহমুদ, ভুরুঙ্গামারী ডিমাকুড়ি, ঘন আমবাড়ি, পঞ্চগড়ের রামগঞ্জ বিলাশী, ফুলবাড়ি, টাঙ্গাইলের বেতনটাল ভাঙ্গাবাড়ি, জামালপুরে লক্ষীপুর দুর্মুতসহ বিভিন্ন স্থানে কোরআনখানি, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ-মাহফিল, কাঙ্গালিভোজ, আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে আত্মীয়-স্বজন বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে সবিনয় অনুরোধ জানানো হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি