কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি টাকা আদায়

ঈদে ঘরে ফিরতে যে এবার পদে পদে ভোগান্তি পোহাতে হবে তা বাসের টিকিট সংগ্রহ করতে এসে হাড়ে হাড়ে উপলব্ধি করছে ঘরমুখো মানুষ। বাসের টিকিটের কৃত্রিম সংকট দেখিয়ে যাত্রীদের হয়রানি করা হচ্ছে, আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। নামিদামি বাস কোম্পানির কাউন্টার থেকে বলা হচ্ছে টিকিট নেই। অথচ কালোবাজারে বেশি দামে বিক্রি হচ্ছে বাসের টিকিট। চড়ামূল্যে কালোবাজারে টিকিট বিক্রি, জোর করে অতিরিক্ত ভাড়া আদায়, বাসস্ট্যান্ডে টানাহেঁচড়াসহ নানা হয়রানি যাত্রীদের কাছে নৈত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করার প্রবণতা যেন ক্রমশ বাড়ছে। এদিকে বাস কোম্পানিগুলো টিকিট বিক্রিতে অনিয়ম করলে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কোন ভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না। ঈদের আগে সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মন্ত্রী। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী গত সোমবার সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। গাবতলীতে যাত্রী ভোগান্তি লাঘবে কিছু কোম্পানি ১০ জুলাই থেকেই আগে ভাগে ঈদের বাস টিকিট বিক্রি শুরু করে। নির্ধারিত সময়ের আগেই কিছু বাস কোম্পানি টিকিট বিক্রি শেষ করে ফেলে। প্রথম দিন গাবতলী টার্মিনালে বাসের অগ্রিম টিকিট বিক্রির হিড়িক পড়ে। তবে দ্বিতীয় দিন থেকে অগ্রিম টিকিট নিতে এসে টিকিট না পেয়ে ফিরে গেছেন অনেকে। বুধবার তৃতীয় দিনেও একই অবস্থা। অন্যদিকে মহাখালী টার্মিনালে অগ্রিম টিকিটের চাহিদা থাকলেও কোনো কাউন্টার থেকেই অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে না। সায়েদাবাদ বাস টার্মিনালেও অল্প কিছু টিকিট বিক্রি করেছে বড় বাস কোম্পানিগুলো। টিকিট নিতে আসা যাত্রীরা জানান, কাউন্টারে কাউন্টারে ঘুরেও এখন টিকিট মিলছে না। অথচ হুট করে এসে পরিচয় দিয়ে অনেকে কাউন্টার থেকে নিয়ে যাচ্ছেন টিকেট। টিকিট কিনতে আসা আব্দুল আলিম ও রুবিয়া খাতুন দম্পত্তি জানান, ২৭ জুলাইয়ের কোন টিকিট পাওয়া যাচ্ছে না। তবে বাস কোম্পানির সঙ্গে যোগাযোগ থাকলে টিকিট দেয়া হচ্ছে। টিকিটের এই কৃত্রিম সংকটের জন্য তারা বাস কোম্পানির কিছু অসাধু কর্মকর্তাকে দায়ী করেন। এ বিষয়ে জানতে চাইলে কল্যাণপুর এলাকার একাধিক বাস কাউন্টারের টিকিট বিক্রেতারা বলেন, ‘ভাই আমাদের কিছুই করার নেই। প্রতিটি গাড়ির ২০ শতাংশ টিকিট মালিকপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা সংরক্ষণ করে রেখেছেন। এর মধ্যে আবার অনেকেই একমাস আগেই টিকিটের জন্য বুকিং দিয়েছেন। তাছাড়া যাত্রার আগ মুহূর্তে বিভিন্ন মহল থেকে টিকিট দেয়ার তদবির আসে। এদিকে এবার প্রথমবারের মতো অনলাইনে কিছু পরিবহন কোম্পানি বাসের টিকিট বিক্রি করছে। এ বিষয়ে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এবার অনেকে ঘরে বসে অনলাইনে টিকিট কিনে নিচ্ছেন। এজন্য বাস কাউন্টারে ভিড় কম। বেশিরভাগ পরিবহন অনলাইনে টিকিট বিক্রি করছে।